তীব্র তাপপ্রবাহ
নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪ ২১:৪৭ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর আত্রাইয়ে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে মাঠে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত কৃষক দুলাল উদ্দিন সরদার একই এলাকার কশরত আলীর ছেলে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক দুলাল উদ্দিন সরদার বুধবার সকাল ৮টার দিকে তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। ধান কাটার এক পর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে মাঠ থেকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তিনি সম্ভবত মাঠেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, এই প্রচণ্ড গরমের অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তার লো পেশার ছিল।
গত ৩ সপ্তাহ ধরে চলমান তাপপ্রবাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলার বদলগাছি আবহাওয়া অফিস সর্ব্বোচ তাপমাত্রা রেকর্ড করে ৪০.০২ ডিগ্রী সেলসিয়াস।