বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৮:৪৩ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৯:২৬ পিএম
চরে আটকা জাহাজ। ছবি : প্রবা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ মোংলা সমুদ্রবন্দরের পশুর নদের চরে আটকা পড়েছে। ডেক ফেটে গিয়ে জাহাজটি চরে আটকা পড়ে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পশুর নদের চরকানা এলাকায় এমভি জুমায়রা-১ নামের ওই কার্গো জাহাজটি আটকে যায়।
জাহাজের মাস্টার ফারুক গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটিতে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে আছে। ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি প্রবেশ করেনি। জাহাজে ৮০০ টন কয়লা রয়েছে।
তিনি বলেন, ‘পশুর নদের চরকানা এলাকায় চরে ধাক্কা লেগে আমাদের জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। পরে জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। ফলে নদে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। চরে আটকা থাকলেও এর ভেতরে তেমন পানি ঢোকেনি। জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে।’
ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, ‘শুনেছি একটি জাহাজ পশুর নদে আটকে আছে। জাহাজ আটকে থাকার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’