পাবনা সংবাদদাতা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ২৩:৫৬ পিএম
মোস্তাকিম মারুফ
ঢাকা থেকে পাবনার সাঁথিয়ায় তাবলীগ জামায়াতে এসে পুকুরে ডুবে মোস্তাকিম মারুফ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মোস্তাকিম মারুফ ঢাকার দক্ষিণখান এলাকার আজাদুল আলীর ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে গত ২০ সেপ্টেম্বর সাঁথিয়া ফকির পাড়া মসজিদে তাবলীগে আসে।
বৃহস্পতিবার সকালে বন্ধুরা মিলে মসজিদের পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে তিন বন্ধু সাঁতার দেয় পুকুরের ওপারে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর মারুফ পানির নীচে তলিয়ে যায়।
পরে ওই বন্ধুরা এলাকাবাসীর সহযোগিতায় মারুফকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।