নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৭:১৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৭:৪২ পিএম
আসলাম নামে এক সাপুড়েকে গ্রেপ্তার করেছে র্যাব
ইয়াবা পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। কখনও অ্যাম্বুলেন্সে আবার কখনও মানুষের পেটে ও জুতার ভেতরসহ নানা কায়দায় ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার করে আসছে তারা । এবার সাপের বক্সের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব-১০। এ সময় মো. আসলাম নামে এক সাপুড়েকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার র্যাব-১০-এর এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে এক সাপুড়ে তার পেশার আড়ালে সাপের বক্সে করে ইয়াবা পাচার করছে। পরে সোমবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী চৌরাস্তায় অভিযান চালিয়ে আসলাম নামের ওই সাপুড়েকে গ্রেফতার করা হয়। এ সময় বক্সের ভেতর থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, আসলাম সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।