× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের কেনাকাটা

হকার্স মার্কেট ও ফুটপাথে ভিড় বেশি এবার

অরূপ রতন, বগুড়া

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:৪১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৬:৪২ পিএম

বগুড়ায় মধ্য ও নিম্নবিত্তদের ভিড় বেড়েছে হকার্স ও ফুটপাথের মার্কটে। প্রবা ফটো

বগুড়ায় মধ্য ও নিম্নবিত্তদের ভিড় বেড়েছে হকার্স ও ফুটপাথের মার্কটে। প্রবা ফটো

বগুড়ায় মধ্য ও নিম্নবিত্তদের ভিড় বাড়ায় হকার্স ও ফুটপাথের মার্কেট জমে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কয়েক বছরের তুলনায় এসব দোকানে এবার বেশি ভিড় দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন, হকার্স মার্কেট এবং ফুটপাথের দোকানগুলোতেও কাপড়, জুতার দাম বেশি। তবে ব্যবসায়ীদের দাবি, তারা বেশি দামে পণ্য কিনে এনেছেন বলে আগের বছরের তুলনায় দাম একটু চড়া।

শহরের রেল স্টেশন রোডে হকার্স মার্কেট ঘুরে দেখা গেছে, অন্যান্য মার্কেটের তুলনায় দিনের বেলায় এখানে ক্রেতাদের ভিড় বেশি। অধিকাংশ দোকানে শিশুদের জামা, প্যান্ট, মেয়েদের টু-পিস, থ্রি-পিস, ফোর-পিস, কাটা কাপড় এবং জুতা-স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা ৩০০ টাকা থেকে এক হাজার টাকা দামের পণ্য পছন্দের তালিকায় শীর্ষে রাখতে দেখা গেছে। 

শিবগঞ্জ থেকে আসা জয়নব বেগম নামে এক গৃহবধূ বলেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। আমাদের অল্প রোজগারের সংসার। তাই এই মার্কেটে অল্প দামে ভালো মানের পোশাক কিনতে পেরেছি।’

রাজমিস্ত্রির কাজ করা গাবতলীর সুখানপুকুরের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, প্রতি বছর এই মার্কেট থেকেই ঈদের কেনাকাটা করি। সাধ্যের মধ্যে এখান থেকেই পরিবারের চার সদস্যের জন্য ঈদের পোশাক ও জুতা-স্যান্ডেল কিনেছি। তবে গতবারের তুলনায় দাম এবার একটু বেশি।’

হকার্স মার্কেটের ব্যবসায়ী ইদ্রিস হোসেন বলেন, ‘এ বছর বেশি দামে পণ্য কিনতে হয়েছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নইলে আমাদের লোকসান হবে।’ লিয়াকত আলী নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘গরম থাকলেও খোলামেলা হওয়ায় এই মার্কেটে দিনের বেলায় বেশি ভিড় হয়। এবার থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা কাজ করা প্রিন্টের থ্রি-পিস বেশি কিনছেন। দাম একটু বেশি হলেও গতবারের তুলনায় ব্যবসা ভালো।’

এদিকে রাতে তারাবির নামাজের পর ভিড় জমে নিউ মার্কেট, আলতাব আলী, রানার প্লাজা, পুলিশ প্লাজা ও জলেশ্বরীতলার বিপণিবিতানে। শহরের বিপণিবিতানগুলোতে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি ও ভারতীয় থ্রি-পিস। কিশোরী ও তরুণীদের পছন্দের শীর্ষে ‘আলিয়া কাট’ নামের জামা। পাকিস্তানি ‘অর্গঞ্জানা, লাগজার, সাদাবাহার, আঘানুর, তাওয়াক্কুল ও নুস’ নামের থ্রি পিসের চাহিদাও রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এ ছাড়াও ভারতীয় ভিপুল, গঙ্গার পাশাপাশি দেশীয় বুটিকসের থ্রি পিসের বিক্রি ভালো হচ্ছে। 

রুহুল আমিন নামে নিউ মার্কেটের এক বিক্রেতা জানান, ‘এবার পাকিস্তানি বিভিন্ন ব্রান্ডের থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। এ ছাড়া ভারতীয় বিভিন্ন থ্রি-পিসও বিক্রি হচ্ছে। পাকিস্তানি থ্রি-পিস সাড়ে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা, ভারতীয় ব্র্যান্ড ৪ থেকে ১০ হাজার টাকা এবং ভারতীয় বুটিকসের পোশাক ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’ রনি ক্লথ স্টোরের বিক্রেতা প্রদীপ চন্দ্র দাস বলেন, এবার ঈদে আঘানূর থ্রি পিসের চাহিদা অনেক বেশি। গত বছরের চেয়ে এবার ঈদে বেচাকেনা অনেক ভালো।’

তবে নিউ মার্কেটে টাঙ্গাইল বাজার নামে এক শাড়ির দোকানে গিয়ে দেখা গেল ক্রেতাদের তেমন ভিড় নেই। একটু হতাশা নিয়ে বিক্রেতা বলেন, ‘এবার শড়ি বেচাকেনা খুবই কম। মাঝ বয়সি নারী ক্রেতারা মাঝেমধ্যে শাড়ি কিনতে আসছেন।’ 

আর বরাবরের মতো ঈদে পুরুষের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট ও টি শার্ট। কিশোর ও যুবকদের চাহিদার শীর্ষে রয়েছে সিকোয়েন্স, পাঠান ও বাহুবলী-২ নামের পাঞ্জাবি। বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। তবে এসব দোকানেও গত ঈদের তুলনায় পোশাকের দাম বেশি হওয়ার কথা জানান ক্রেতারা। 

আলতাব আলী মার্কেটের জনি শেখ নামে এক পাঞ্জাবি বিক্রেতা বলেন, ‘পাঞ্জাবি এবার খুব ভালো বিক্রি হচ্ছে। সকল বয়সি ক্রেতারা তাদের পছন্দের পাঞ্জাবি কিনছেন। তবে সিকোয়েন্স নামের পাঞ্জাবি এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে।’ 

এদিকে মধ্যরাত পর্যন্ত ঈদের কেনাকাটা চলায় জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বিভিন্ন বিপণিবিতানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পকেটমার, চুরি, ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে থানা, ফাঁড়ি ও গোয়েন্দা সংস্থার সদস্যগণ সক্রিয় রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা