× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার গৃহযুদ্ধ

লবণক্ষেতের কাজ বন্ধ হ্নীলার শ্রমিকদের

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ২২:২১ পিএম

লবণক্ষেতের কাজ বন্ধ হ্নীলার শ্রমিকদের

মিয়ানমার থেকে থেমে থেমে মর্টার শেল বিস্ফোরণের শব্দ আসছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়। শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পান টেকনাফবাসী। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শতাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রাণ হারানোর আশঙ্কায় লবণের ক্ষেতে কাজ করতে যেতে পারছেন না হ্নীলা এলাকার শ্রমিকরা।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার সীমান্তের বাসিন্দা ফরিদ আলম বলেন, শুক্রবার সকালে তিনি বাড়ির উঠানে বসে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনে ভয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন। বিস্ফোরণের শব্দে মাটি কেঁপে ওঠে। পরে বুঝতে পারেন মিয়ানমারে বিস্ফোরণ হয়েছে। সীমান্তে একেক এলাকায় একেক সময় বিস্ফোরণ হচ্ছে। উপজেলার খারাংখালীর সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকট শব্দে বাড়িতে থাকাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সব সময় ভয়ে থাকি কখন মর্টার শেল বাড়িতে এসে পড়ে।

হ্নীলার বাসিন্দা মো. জামাল বলেন, শুক্রবার সকাল থেকে থেমে থেমে যেভাবে বিস্ফোরণ হচ্ছে, তাতে এলাকার লোকজন খুবই আতঙ্কে আছে। স্থানীয় শ্রমিকরা কেউ লবণমাঠে কাজ করতে যেতে পারেননি। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহ জালাল বলেন, সীমান্তের ওপারে সংঘাত কিছুদিন কমেছিল। কয়েক দিন ধরে আবারও শুরু হয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মিয়ানমারে গোলাগুলি ও বিস্ফোরণ এখন প্রতিদিনই হচ্ছে। সীমান্তের বাসিন্দাদের তাই সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার, শিলখালী, নাফপুরা গ্রামে সংঘাতময় পরিস্থিতির খবর পেয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কিছুদিন বন্ধ থাকার পর রাখাইনে নতুন করে গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটছে। শুক্রবার সকাল থেকেও মর্টারশেল, গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই পরিস্থিতি সম্পর্কে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা