রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণের তৃতীয় দিন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৬:৩৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৮:৫৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্যাতিত, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। রবিবারের ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা তিন দিনব্যাপী দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা ও রংধনু শিল্পগ্রুপের উদ্যোগে তৃতীয় দিন মঙ্গলবার ( ৮ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়। দরিদ্র্য পরিবারদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এ সময় রফিকুল ইসলাম বলেন, ‘নির্যাতিত, দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। আমরা সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছি। সুখে-দুঃখে পাশে থেকেছি। এ ছাড়া যারা সাধারণ ও নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন করবে, তারা যতই প্রভাবশালী হোক প্রতিবাদ করেছি এবং করে যাব।’
খাদ্যসামগ্রী বিতরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘কায়েতপাড়াবাসীর প্রতি আমি অনেক সন্তুষ্ট। আমরা তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’

খাদ্যসামগ্রী পাওয়া আমেনা বেগম, সায়েরা খাতুন, আব্দুল আলীসহ আরও অনেকে স্বস্তি প্রকাশ করেন। তারা রংধনু গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। আমরা অনেক কিছুই খেতে পারি না। এই অসময়ে আমাদের খাদ্যসামগ্রী দিয়েছেন রফিকুল ইসলাম রফিক। আল্লাহতালা তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক।’
আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর মিয়া বলেন, ‘রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দান-খয়রাত করছেন, সেটা রূপগঞ্জের কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো শিল্পপতি করেননি। আমি তার মঙ্গল কামনা করি।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
এ ছাড়া আওয়ামী লীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।