টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৩:৫৩ পিএম
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। প্রবা ফটো
টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারচালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন ও যাত্রী সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম।
আহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে আনিছুর রহমান, সিরাজগঞ্জ সদরের মৃত মতিয়ার রহমানের ছেলে মাহফুজুর রহমান আলাল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।