নড়াইল সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ২২:০৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ২২:১০ পিএম
নড়াইলে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : প্রবা
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘২০২৪ সালের জুন মাসে পদ্মা সেতুর রেলপথ নির্মাণ শেষ হবে। রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথ নির্মিত হচ্ছে। এতে রাজধানীর সঙ্গে সংযুক্ত হবে দক্ষিণ-পশ্চিমের ৯ জেলা।’
মঙ্গলবার (৮ নভেম্বর) নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন সেনা প্রধান।
ছোটবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান বলেন, ‘করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আমি ছিলাম। সে সময় স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’
নিজের বাবার নামে করা মা ও শিশু কল্যাণ নির্মাণ কাজ পরিদর্শন শেষে পদ্মা সেতুর রেল সংযোগ নির্মাণ কাজ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বীর মুক্তিযোদ্ধা এস এম রোকন উদ্দিন আহমেদ ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে ১২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অঙ্কুর’-এর মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান শফিউদ্দিন। এই বিদ্যালয়ের উন্নয়নের জন্যও ১৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। এখান থেকে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের বিএনসিরি কুজকাওয়াজ পরিদর্শন ও সংশ্লিষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।
সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার সঙ্গে ছিলেন।