চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ২১:৪৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ২১:৫৮ পিএম
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
নদী ভরাট করে ফিশারি ঘাট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।
তিনি বলেন, ‘ড্রাইডক সম্পূর্ণভাবে নদীর ওপর নির্মিত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ফিশারি ঘাটে গিয়েছি, ওই ফিশারি ঘাটটিও কর্ণফুলী নদী ভরাট করে তৈরি করা হয়েছে। এটি পরিবেশ আইনের লঙ্ঘন। এটি কোনোভাবে হতে পারে না।’
চট্টগ্রাম নগরীর কল্পলোক এলাকায় মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ফিশারিঘাটসহ কর্ণফুলী নদীর আনোয়ারা অংশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
ড. মনজুর আহমেদ বলেন, ‘কর্ণফুলীর সঙ্গে দেশের অন্যান্য নদীর তুলনা হবে না। কর্ণফুলী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এ নদীর বায়োডাইভারসিটি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আমরা নদীর যে চিত্র দেখলাম তা অত্যন্ত ভয়াবহ। কর্ণফুলী নদী তিন কিলোমিটার প্রশস্ত ছিল। কিন্তু বর্তমানে উভয় পাড়ে এক কিলোমিটার করে দখল হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাপিটাল ড্রেজিং করতে গিয়ে নদী ভরাট হয়ে গেছে। এটা আমরা মেনে নেব না। ড্রেজিং ম্যানেজমেন্টের গাইড লাইন আছে। ড্রেজিং করতে হবে নদী রক্ষা করতে। নদী ভরাট করতে নয়।’