× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে র‍্যাবের বিরুদ্ধে ২ রেলকর্মীকে মারধরের অভিযোগ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ২৩:২৯ পিএম

নাটোরে র‍্যাবের বিরুদ্ধে ২ রেলকর্মীকে মারধরের অভিযোগ

নাটোর রেলস্টেশনে টিকিট চেক করাকে কেন্দ্র করে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও র‍্যাবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরএনবির দুই সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। র‌্যাব পাল্টা অভিযোগ করে বলেছে, নাটোরে কর্মরত একজন র‌্যাব সদস্যকে স্টেশনে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটলেও রবিবার (১৭ মার্চ) সাংবাদিকরা জানতে পারেন।

রেলওয়ে পাকশির বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নুর মোহম্মদ অভিযোগ করেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে নাটোরের র‌্যাব ক্যাম্পে নিয়ে চোখ বেঁধে পেটানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ দিয়ে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হয়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে না জানিয়ে ডিউটিতে থাকা দুইজন কর্মচারীকে এভাবে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা কোনোভাবেই কাম্য হতে পারে না।’ র‌্যাব সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে র‌্যাব পাল্টা অভিযোগ করেছে। র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস গণমাধ্যমকর্মীদের বলেন, ‘একজন যাত্রী যিনি র‌্যাব সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে কর্মরত, তাকে আরএনবি সদস্যরা একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। দীর্ঘ সময় আরএনবি সদস্যরা বিষয়টি কাউকে জানাননি।’ পরে র‌্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে স্টেশনে গিয়ে ওই র‌্যাব সদস্যকে উদ্ধার করেন। একই সঙ্গে তারা মুক্তার হোসেন ও জিয়া নামে আরএনবির দুই সদস্যকে ক্যাম্পে নিয়ে যান বলে রেল কর্মকর্তারা জানান। রেলকর্মীদের তুলে নিয়ে মারধরের বিষয়ে অধিনায়ক মো. মুনীম ফেরদৌস বলেন, ‘ভুক্তভোগী ওই যাত্রীর প্রতিকারের জন্য দুইজনকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি রেলের জিএমসহ কর্মকর্তাদের জানানো হয়েছে।’

নাটোর রেলস্টেশন কর্মকর্তারা বলছেন, ট্রেনের যাত্রী হিসেবে সাদা পোশাকে থাকা আল মামুন নামে একজন র‌্যাব সদস্যের কাছে আরএনবি সদস্যরা টিকিট দেখতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আরএনবি সদস্যরা ওই যাত্রীকে (র‌্যাব সদস্য) টেনেহিঁচড়ে তাদের অফিস কক্ষে আটকে রাখেন বলে র‌্যাব সদস্যদের ভাষ্য।

আরএনবির দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে খবর পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাফায়াত বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে খাঁকি পোশাক পরা দুই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসেছিলেন র‌্যাব সদস্যরা। ওই দুই ব্যক্তি তাদের শরীরে প্রচণ্ড ব্যথা বলে জানিয়েছিলেন। কিন্তু খুব দ্রুত র‌্যাব সদস্যরা তাদের নিয়ে চলে যান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা