গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৪:৫৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৫:৫৭ পিএম
শনিবার বিকালে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাক থেকে হেরোইন উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো
গাজীপুরে ট্রাক থেকে প্রায় দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাক থেকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিম এসব হেরোইন উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করে। ট্রাকটি চাপাইনবাবগঞ্জ থেকে এসেছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত হলেন চাপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রামে আল আমিনের ছেলে ফরহাদ হোসেন ও একই এলাকার সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন।

গ্রেপ্তারের বিষয়টি রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যে জানতে পারে ট্রাকে মাদক আসার বিষয়টি। পরে পুলিশের ও টিম সদর থানাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাক ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে চালক ও হেলপারকে ট্রাকে কী আছে জানতে চাইলে চালক জানায়, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঠের ট্রিপ নিয়ে মিরপুর ভাসানটেক এলাকায় নামিয়ে সদর থানা এলাকা হয়ে চৌরাস্তার দিকে যাচ্ছে। তাদের আচরণ সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ট্রাকের চালক ও হেলপার মাদকদ্রব্য হেরোইন থাকার কথা স্বীকার করে। পরে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে ব্যাকসিটের নিচে খাকি রঙের কাপড়ের ব্যাগ থেকে ১৪টি হেরোইন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ১০৪ গ্রাম করো মোট ১ কেজি কেজি ৪৫৬ গ্রাম ছিল। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের প্যাকেটগুলো গাজীপুর এক ব্যক্তির (তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করা হয়নি) নিকট বিক্রির জন্য নিয়ে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।