কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১২:৪৮ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৫:৪০ পিএম
তাহমিনা শবনম। প্রবা ফটো
আমার স্বামী মারা গেছে এক বছর হলো। গতকাল রাতে আমার মেয়ে ফাইরুজ অবন্তিকাও মারা গেছে। আমি এ শোক নিতে পারছি না। আমার আরেক ছেলে আছে। আমার মেয়ের এ দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছেলেসহ শেষ হয়ে যাব।
শনিবার (১৬ মার্চ) কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ের বাসায় কাঁদতে কাঁদতে এসব কথা বলেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
তিনি বলেন, ‘আমার মেয়ে অত্যন্ত উদ্যমী। আমার মেয়ে মেধাবী এটাই কি তার অপরাধ? সে তার সেশনে ফার্স্ট, এটাই কি তার অপরাধ? সে জিডি (জেনারেল ডিউটি) পাইলটে টিকেছে, এটাই কি তার অপরাধ? আমি প্রক্টর, চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছিলাম। কোনো বিচার পাইনি। আমি বিচার না পেলে শেষ হয়ে যাব। আমার কিছুই নেই। নিজে শেষ হয়ে গেলেও কিছুই থাকবে না।’
আরও পড়ুন: প্রতিবাদী অবন্তিকার করুণ সমাপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে তিনি। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে অনাচারের অভিযোগ তোলেন।
এদিকে অবন্তিকার মৃত্যুর খবরে উত্তাল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন চলছে।
আরও পড়ুন: অভিযুক্ত সহপাঠীকে বহিষ্কার ও গ্রেপ্তারের নির্দেশনা
জানা যায়, শনিবার দুপুর ২টায় ময়নাতদন্ত শেষে অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।