চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৮:১৬ পিএম
প্রতীকী ছবি।
চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার মোড়ে র্যাব সদস্যদের ওপর মাদক পাচারকারীদের হামলার পাঁচ বছর পর ওই ঘটনায় জড়িত পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক মোহাম্মদ সাদ্দাম হোসেন সোমবার (৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন।
রায়ে চারজনকে তিন বছর করে এবং একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান, ফয়জুল ইসলাম মাসুদ, বেলায়েত হোসেন, ইমরুল চৌধুরী ইমন এবং আজাদ মিয়া।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিলু কান্তি দাশ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় ঘোষণা করে। রায়ের সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের সাজার পরোয়ানা কারাগারে পাঠানো হয়।
আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর মহানগরের পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ইয়াবা বিক্রির তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এই সময় র্যাব সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় মিজানুর রহমান নামের এক পাচারকারীকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার হয়। সঙ্গী মিজান ধরা পড়ার পর পালাতে থাকা চারজন ফিরে এসে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলার সময় র্যাব সদস্যরা হামলাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
এই ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ, আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধার দেওয়ার অভিযোগে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমত উল্লাহ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার বিচার শেষে আদালত রায় ঘোষণা করে।