বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২২:৪১ পিএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক নাসির ও হেলাল।
পাবনার সাঁথিয়ায় বাড়িঘরে হামলার অভিযোগে সংবাদ সংগ্রহে গিয়ে স্থানীয় প্রেস ক্লাবের সভাপতিসহ ছয় সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ছাড়া সাংবাদিকদের গালিগালাজ ও ক্যামেরা-বুম ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন হামলাকারীরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভির পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক এবং চ্যানেল এস ও মানবকণ্ঠের সাঁথিয়া প্রতিনিধি এম জে সুলভ।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা জানান, আজ বেলা ১১টার দিকে রাঙ্গামাটিয়ার তৈয়ব আলীর বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে যান তিনিসহ কয়েকজন সাংবাদিক। এ সময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, তাইজুল ইসলাম, ইকবাল হোসেন, মনোয়ার পারভেজ মানিক ও এম জে সুলভ।
ঘটনাস্থলে ভাঙচুর করা ঘরবাড়ির ছবি তোলার সময় স্থানীয় নাসির হোসেন ও তার ভাই হেলাল হোসেন সাংবাদিকদের বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।একপর্যায়ে আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম এগিয়ে গিয়ে এ ঘটনার ভিডিও করতে গেলে তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেন এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের বুম ভাঙচুর করে পুকুরে ফেলে দেন তারা।
ঘটনাটি পুলিশকে অবগত করা হলে ঘটনাস্থল থেকে ওই দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় পরে সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’