চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৪:৫৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৫:৩০ পিএম
অলঙ্করণ প্রবা
চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরের বয়স ১৬ বছর।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ জানায়, ‘ধর্ষণ’ ও হত্যার শিকার শিশুটি প্রথম শ্রেণিতে পড়ত।
রবিবার বিকেল সাড়ে ৪টার সময় স্কুলের ক্লাস শেষে বাড়িতে বই খাতা রেখে খেলতে যায় শিশুটি। সন্ধ্যা হয়ে গেলে মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাতে বাড়ির পাশে কবরস্থানের পূর্ব দিকে ডোবায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত বলে জানান।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে থানায় নেয়। এ ঘটনায় রাতেই পুলিশ জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করে।
পুলিশ জানায়, ওই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর শিশুটিকে হত্যার কথা স্বীকার করে। জানায় সে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দেয়।
নিহত শিশুর মা আহাজারি করতে করতে বলেন, ‘খেলতে গিয়ে মেয়ে না ফেরায় আশপাশে খুঁজতে থাকি। এক সময় অভিযুক্ত কিশোরের দেখানো জায়গায় তাকে খুঁজে পাই। যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘ভোরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে তার মামার বাড়িতে থাকতো। ওই কিশোর এলাকায় ছিঁচকে চোর হিসেবেও পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায় নিহত শিশু প্রায়ই তাকে চোর বলে ক্ষ্যাপাতো। এরই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার বন্ধ করতে এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয় ওই কিশোর।’