ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৯:১৭ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:০৯ পিএম
হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের ছিন্ন করা মরদেহ দেখছে স্থানীয়রা। প্রবা ফটো
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সাইফুল ইসলাম উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামের বাসিন্দা।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে হালুয়াঘাট সীমান্তে ফের ভারতীয় বন্য হাতির দল ফসলের ওপর আক্রমণ শুরু করছে। দিনে পাহাড়ে থাকলে রাতে ফসলের জমিতে নেমে ধান ও সবজিক্ষেত নষ্ট করছে। সোমবার রাতে নিজের জমিতে উৎপাদিত ফসল রক্ষা করতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান সাইফুল ইসলাম।
ভূবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, ‘নিহত সাইফুল ইসলাম সীমান্তের কাছে শসার ক্ষেতে পানি দিতে গিয়েছিলেন। তখন সেখানে বন্য হাতির একটি দল অবস্থান করছিল। তখন হাতি এসে সাইফুলকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মাথা থেকে শরীর আলাদা করে ক্ষতবিক্ষত করে ফেলে। হাতির দল চলে যাওয়ার পর স্থানীয়রা সাইফুলের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।’
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আক্কাস আলী বলেন, ‘আমিও রাতে জমিতে পানি দিতে ছিলাম। এ সময় একটি হাতি এসে আক্রমণ করতে চাইলে আমরা দৌড়ে চলে আসি। সাইফুল দৌড়ে নিরাপদ স্থানে যেতে না পারায় হাতি তাকে আক্রমণ করে। কিছুক্ষণ পর সেখানে আমরা গিয়ে দেখি সাইফুলের মাথা, হাত, পা সবকিছু আলাদা আলাদা হয়ে পড়ে আছে। চেনার কোনো উপায় নাই।’
নিহতের স্ত্রী সুলতানা আক্তার বলেন, ‘আমার স্বামী রাতে শসাক্ষেতে পানি দেওয়ার সময় একটি হাতি তাকে তাড়া করলে দৌড়ে জঙ্গলে গিয়ে পড়ে যান। পরে জঙ্গলের মাঝে আমার স্বামীকে হাতি পায়ে পিষ্ট করে কয়েক টুকরা করে মেরে ফেলে। আমার সব শেষ অইয়া গেল। আমি এখন কী নিয়া বাঁচব?’
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ বিন মতিন বলেন, ‘হাতির আক্রমণে মারা যাওয়ার খবর পেয়ে নিহতের বাড়িতে যাই। এ সময় তার পরিবারের হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা করা হবে।’
ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই কৃষকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’