পাবনা সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ২১:৫০ পিএম
শিশু কোলে পরীক্ষার হলে মা। ছবি : প্রবা
সন্তানের বয়স ৩২ দিন। মা এইচএসসি পরীক্ষার্থী। তাই শিশুটিকে কোলে করেই পরীক্ষা দিতে হাজির হয়েছেন মা। দিয়েছেন পরীক্ষাও।
রবিবার (৬ নভেম্বর) পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে শিশু সন্তানকে কোলে নিয়েই পরীক্ষা দেন রাজিয়া সুলতানা নামের শিক্ষার্থী।
রাজিয়া সুলতানা সুজানগর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। ৩২ দিনের শিশুকে নিয়ে তিনি কেন্দ্রে গেলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের। পরে তিনি বিশেষ ব্যবস্থায় রাজিয়ার পরীক্ষা নেয়ার নির্দেশ দেন।
পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ওই শিক্ষার্থীর আলাদা রুমে পরীক্ষা নিতে অধ্যক্ষকে অনুরোধ করেন ইউএনও। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আলাদা রুমে রাজিয়ার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়।। তার শিশুকে রাখার জন্য একজনকে দায়িত্বও দেওয়া হয়।
পরীক্ষা দেয়ার জন্য বিশেষ ব্যবস্থা করায় ইউএনওসহ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজিয়া সুলতানা।
এ সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ও কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন।