চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৫ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম
সাময়িক বরখাস্ত হওয়া মুজিবুল হক চৌধুরী।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের আলোচিত সেই চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এই আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মান্যবর মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি প্রদান করে অসদাচরণের অপরাধ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চট্টগ্রাম ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন; যেহেতু মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়টি আমি জেনেছি। আজকে আমি বিষয়টি জেনেছি। সরকার তো এখন টাকার পক্ষে। তাই এ বিষয়ে কোনো আপিলও করব না।’
গত বছরের ৬ নভেম্বর মুজিবুল হক স্থানীয় এক জনসভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্য পেটানোর হুমকি দেন। সমাবেশে তার দেওয়া ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে মুজিবুল হকের এই বক্তব্যকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ ঘটনায় পরে মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করা হয়। আবেদনটি খারিজ করে দেন আদালত।