ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৬ পিএম
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। ফাইল ফটো
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সর্বশেষ শিশুটিও বুধবার রাতে মারা গেছে। ওই দুর্ঘটনায় নিহত হওয়া পঞ্চম ও সর্বশেষ শিশুটির নাম রুশমিদা।
তিন বছর বয়সি মৃত রুশমিদা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর শুক্কুরের মেয়ে। ক্যাম্পে ৮১নং ক্লাস্টারের ৬নং কক্ষে পরিবারের সঙ্গে থাকত রুশমিদা। বিস্ফোরণে তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু আইসিইউতে রুশমিদা মৃত্যু হয়। তার শ্বাসনালি ও শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই পাঁচ শিশুসহ দগ্ধ সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রাসেল নামে চার বছর বয়সি এক শিশুকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোবাশ্বেরা ও রবি আলম নামে দুই শিশু সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মো. সোহেল নামের আরেক শিশুর মৃত্যু হয়।