× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্ন নগরীর ফুটপাথ-সড়ক বেদখল

রাজু আহমেদ রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৫ এএম

যানজট নিরসনের নামে রাজশাহী নগরীর গণকপাড়ার ব্যস্ত সড়ক বন্ধ করে দেয় মহানগর পুলিশ। সেখানে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বুধবারের থোলা ছবি। প্রবা ফটো

যানজট নিরসনের নামে রাজশাহী নগরীর গণকপাড়ার ব্যস্ত সড়ক বন্ধ করে দেয় মহানগর পুলিশ। সেখানে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বুধবারের থোলা ছবি। প্রবা ফটো

রাজশাহী নগরীর ফুটপাথের পজেশন দখল ও মাসোহারা আদায় নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটছে খুনাখুনিসহ সংঘর্ষের মতো ঘটনা। এদিকে ফুটপাথের ব্যবসায়ীদের একাংশ জড়িয়ে পড়ছে মাদক সরবরাহের সঙ্গে। এর সবই ঘটছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। দখলদারদের কারণে কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব নান্দনিক সড়ক ও ফুটপাথের সুফল পাওয়ার বদলে ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে সৌন্দর্য হারাচ্ছে পরিচ্ছন্ন নগরী রাজশাহী। 

গত সোমবার বিকালে নগরীর সাহেববাজার বড় মসজিদের উত্তরের সড়ক দখল করে ব্যবসার পসরা সাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চা বিক্রেতা সুমন তার বাহিনী নিয়ে অপর চা বিক্রেতা সাগরের ওপর অতর্কিত হামলা চালায়। সুমন বাহিনীর রড, চেন ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয় সাগর। ঘটনার পর পুলিশ সাগরকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সাগর তার বাহিনী নিয়ে সুমনের ওপর হামলা চালিয়েছিল। সোমবারের এই ঘটনার পর পুলিশ ওই সড়ক থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে। তবে পরের দিন মহানগর আওয়ামী লীগের এক নেতার মধ্যস্থতায় আবারও দখলদারদের কবলে চলে যায় সড়কটি। 

এদিকে ২০২২ সালের ২১ মার্চ রাতে নিউমার্কেটের সামনের ফাঁকা জায়গা দখল নিয়ে এক যুবককে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসে সড়ক ও ফুটপাথ দখল করে অর্থ আদায়ের চিত্র। নাম আসে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির। তবে মামলা চলমান থাকলেও তারা জবাবদিহির বাইরেই আছেন। এ ছাড়াও জিরো পয়েন্টে আলামিন চায়ের দোকানির ভাই ব্রাদারকে গত বছর মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। নিউমার্কেটের সামনের সড়কে এক খাবার বিক্রেতাকেও গত বছর মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে জানা যায়, তারা ফুটপাথে ব্যবসার আড়ালে মাদক সরবরাহ করে আসছিল।

নগরীর ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, কাজলা, সাহেববাজার থেকে মনি চত্বর, লক্ষ্মীপুর, নিউমার্কেট, কোর্ট, কোর্ট স্টেশন, শিরোইল টার্মিনাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাথ ও সড়কের অর্ধেক অংশ এখন পুরোটাই দখলদারদের কবলে। সড়ক ও ফুটপাথে চুলায় আগুন জালিয়ে গরম তেলে রান্না করা হচ্ছে। আর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। এসব নিয়ে কেউ কথা বললে উল্টো তেড়ে আসে দখলদাররা। প্রকাশ্যে এমন দখলদারি চললেও পুলিশ ও সিটি করপোরেশনের নীরব ভূমিকায় জনমনে সন্দেহের উদ্রেক হচ্ছে। 

নগরীর গণকপাড়া থেকে জিরো পয়েন্টে ও মনি চত্বর এবং লক্ষ্মীপুর মোড় থেকে ঝাউতলা ডিবি অফিস পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে রাজশাহী মেট্রো পলিটন পুলিশ (আরএমপি)। দাবি করা হচ্ছে, যানজট কমাতে এই সড়কগুলো ওয়ান ওয়ে (একমুখী) করা হয়েছে। তবে সরেজমিনে এসব সড়ক ঘুরে দেখা গেছে রাস্তা বন্ধ হওয়ায় ফুটপাথের পাশাপাশি দখলদাররা এখন এই রাস্তাগুলোও দখলে নিয়েছে। 

এদিকে অভিযোগ রয়েছে, সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে তোলা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ব্যবহার করা হয় বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে। সাশ্রয়ের আশায় অনেকেই ফুটপাথের দোকান থেকে খাবার ক্রয় করে থাকেন। তবে ফুটপাথের খাবারগুলো তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষকে নগরীর অভিজাত দোকানগুলোয় অভিযান চালাতে দেখা গেলেও, এসব দোকান রয়ে যায় নজরের বাইরে। 

এসব নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ফুটপাথ ও সড়ক দখল করে যারা ব্যবসা করছে তারা নানা আশকারায় শক্তিশালী হয়ে উঠছে। নিজেদের মধ্যে প্রভাব বিস্তারে ও সড়কের জায়গা দখল করে অন্যকে পজেশন বুঝিয়ে দিয়ে অর্থ আদায়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদ চত্বর ফুটপাথ দোকানদারদের নেতৃত্বে আছেন সুমন টি স্টলের সুমন, অমিত টি স্টোরের অমিত, ইরানি হালিমের ডালিম, ভাজার দোকানি কামাল, ফলের দোকানি নিখিল। এ ছাড়াও রয়েছেন রাজিব, ফরহাদ, বিপন্ন সরকার ও শরিফ আলী। ফুটপাথ থেকে তাদের নেতৃত্বেই মাসোহারা ও প্রতিদিন চাঁদা আদায় করা হয়। তাদের প্রত্যেকেরই আছে একাধিক দোকান। এদের নেতৃত্বেই একের পর এক দোকান স্থাপন করা হয়েছে। নতুন কেউ এলে তাদের কাছে রাস্তার পজেশন বিক্রির নামে অর্থ আদায় হচ্ছে। তোলা হচ্ছে মাসোহারা। বর্তমানে সুমন, অমিত ও ডালিম বড় মসজিদের সামনের পুরো সড়ক দখল করে দোকান বসিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা বলেন, গণকপাড়া মোড় থেকে স্যান্ডেলপট্টি হয়ে মনিচত্বর পর্যন্ত রাস্তাটিতে জটলা থাকে। একই অবস্থা লক্ষ্মীপুর ঝাউতলা সড়কেও। ফলে ওই সড়ক একমুখী করা হয়েছে। তবে এর কারণে ফুটপাথ ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছে। আমরা বিষয়টি দেখছি।

তিনি আরও বলেন, ফুটপাথ দেখে সিটি করপোরেশন। ট্রাফিক বিভাগ দেখে রাস্তা। ফলে ফুটপাথে আমাদের কিছু করার থাকে না। তবে রাস্তার দখলদারদের উচ্ছেদে আমরা নিয়মিত কাজ করি।

রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, উচ্ছেদ কার্যক্রম চলমান। অভিযানগুলো মূলত মেয়র মহোদয়ের নির্দেশেই হয়ে থাকে। তিনি বিষয়গুলো অবগত আছেন। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। যদিও সামনে রমজান ও ঈদ। বিষয়টিকে মাথায় রেখেই আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা