রংপুর অফিস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম
রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো
রংপুরের পীরগাছা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী দছিম উদ্দিন ভুট্টুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতা ও তথ্য গোপন করার অপরাধে দণ্ডপ্রাপ্তের বাবা-মাসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজা পাওয়া আসামিরা হলেন, উপজেলার কিশামত ছাওলা গ্রামের দছিম উদ্দিন ভুট্টু, তার বাবা বেলাল হোসেন, মা কুলসুম বেগম, আত্মীয় বিপ্লব সরকার, নুর উদ্দিন ও খাজির উদ্দিন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে তিনি জানান, রংপুরের পীরগাছা উপজেলার মমিন বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে আয়শা বেগম বিউটিকে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী দছিম উদ্দিন ভুট্টু নির্যাতন করতেন। তাদের বিয়ের ১২ বছর পার হলেও দছিম যৌতুকের জন্য বিউটিকে চাপ দিতে থাকে। একপর্যায়ে ২০১৮ সালের ৩১ মে দুই মেয়েকে তাদের নানাবাড়িতে পাঠিয়ে বিউটিকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গোয়ালঘরে পুঁতে রাখে। এর তিন দিন পর গোপনে মরদেহটি আবারও উত্তোলন করে বাড়ির পাশে একটি পাটক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে ৭ জুন পুলিশ বিউটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আইনজীবী বলেন, এ ঘটনায় নিহত বিউটির বাবা আবু বক্কর সিদ্দিক পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এই রায় প্রদান করেন।