রংপুর অফিস
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩০ পিএম
নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠে উম্মে হাবিবার মরদেহ। প্রবা ফটো
রংপুরের পীরগাছায় নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠেছে শিশুর মরদেহ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পীরগাছা উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুরে প্রথম শ্রেনির শিক্ষার্থী উম্মে হাবিবা নামে ওই শিশুর মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ।
উপজেলার চালুনিয়া পানাতিপাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে উম্মে হাবিবা পীরগাছার মিলিনিয়াম টাইল্ড স্কুলের প্রথম শ্রেনির শিক্ষার্থী ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় উম্মে হাবিবা। এরপর থেকেই হন্যে হয়ে উম্মে হাবিবাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার সকালে বাড়ির পাশে চালুনিয়া বিলের একটি পুকুরে ভেসে ওঠে উম্মে হাবিবার মরদেহ। স্থানীয় লোকজন ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের কোনো প্রমান পাইনি। শিশুটিকে খুন করা হয়েছে এমন কোনো উদ্দেশ্য বা প্রমান খুঁজে পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।