রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১১ এএম
শিশুটিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। প্রবা ফটো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এক নবজাতককে ভর্তি করানোর পর নবজাতককে রেখে চলে গেছেন মধ্য বয়সী এক পুরুষ ও এক নারী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমার্জেন্সি থেকে ভর্তির কাগজ আনার কথা বলে চলে গিয়ে আর ফিরে আসেননি তারা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটিকে বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন ছেলে-মেয়ে বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যায়। তারপর আর ফিরে আসেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকালে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে দুজন শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসে। নার্সরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে তারা ভর্তির কাগজ আনার কথা বলে নার্সের তত্ত্বাবধানে বাচ্চাটিকে রেখে চলে গিয়ে আর ফিরে আসেনি। এখন পর্যন্ত শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে আছে।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রবিবারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। তাই আমরা বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে অবগত করেছি। ইতিমধ্যে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।’