চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ২১:৪৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ২২:০৭ পিএম
সিআরবি রক্ষার আন্দোলন সমাপ্ত করতে সমাবেশ। ছবি : প্রবা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, চট্টগ্রামের ফুসফুসখ্যাত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ করা হবে না বলে স্থানীয় সংসদ সদ্যদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই চট্টগ্রাম সফর করে এ বিষয়ে ঘোষণা দেবেন।
সিআরবি রক্ষায় টানা ৪৮৩ দিন আন্দোলন করে আসা নাগরিক সমাজের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আন্দোলন সমাপ্ত করতে এবং সিআরবি রক্ষা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে শনিবার (৫ নভেম্বর) বিকালে সিআরবিতে এই সমাবেশের আয়োজন করে নাগরিক সমাজ।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে আমাদের জনসভা শুরু হবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করার বিষয়ে ঘোষণা দেবেন। চট্টগ্রামের একটা লোক বেঁচে থাকতে এখানে হাসপাতাল করতে দেব না। ৪ তারিখ আমরা সবাই যাব। আপনারা ব্যানারে এ দাবি রাখবেন। আমরা চেষ্টা করব সেদিন প্রধানমন্ত্রীর মুখে এ ঘোষণা আদায় করে নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে সব সংসদ সদস্য রেলমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি। মন্ত্রীরাও হাসপাতাল না করার আহ্বান জানিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছেও গেলাম। প্রধানমন্ত্রী জনগণের নেত্রী। আমরা সব মন্ত্রী-এমপি যখন আবেদন করেছি, উনিও সিদ্ধান্ত দিয়েছেন এখানে হাসপাতাল হবে না।’
সমাবেশে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে এ দেশে উন্নয়ন হবে, অগ্রগতি হবে। কিন্তু তার আগে অগ্রাধিকার দিতে হবে স্থানীয় মানুষ কী চায়। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণ যেটা চায়, সিআরবি নিয়ে সেটা করার জন্যই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
সমাবেশ শেষে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন নাগরিক সমাজের চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপম সেন। তিনি ৪৮৩ দিনের আন্দোলনে সক্রিয়া থাকা সব সমাজকর্মী ও সাংষ্কৃতিক কর্মীকে ধন্যবাদ জানান।
আন্দোলনের সমাপনী অনুষ্ঠান কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সিআরবিতে হাসপাতাল হবে না- এমন আশ্বাসের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল হয়। মিছিলে যোগ দেন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।