চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৮:৫০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৯:৫৫ পিএম
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখেন ড. বেগম জেবুননেছা। ছবি : প্রবা
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গত ৯ মাসে মোট ২৫ হাজার ২৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই আদালতে মোট ৮ জন ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা।
চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ জনাব ড. বেগম জেবু্ননেছা।
সিএমএম কোর্ট গত ৯ মাসে ২৫ হাজার ২৪৯ টি মামলা নিষ্পত্তি করায় ৮ জন ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানান ড. বেগম জেবুননেছা। তিনি বলেন, মামলার তদন্তে ও ফরেনসিক বিভাগে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস আক্তার, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম মনীষা মহাজনসহ চট্টগ্রাম সিএমএম কোর্টে কর্মরত ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন এ সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ডিসি (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসানসহ মহানগরীর সব থানার ওসিরা।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পিবিআই, সিআইডি, ডিবি, ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, কারা প্রশাসন, নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধিরা।