সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ২১:৫২ পিএম
মিশফাক আহমদ মিশু। ফাইল ছবি
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও নব্বই দশকের জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু আর নেই। হার্ট অ্যাটাকে ৫৪ বছর বয়সে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন মাগরিব নামাজের পর হযরত শাহজালালের (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হয়। এতে সাংস্কৃতিক কর্মী-রাজনীতিবদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শুক্রবার রাতেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন মিশু। সেখান থেকে বাসায় ফেরার পর শনিবার ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নগরীর বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর নগরীর সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।’
মিশুর এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মাহজাবীন জহুরা কাকন মডেল ও নৃত্যশিল্পী।
২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মিশু। এ ছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সাবেক শিক্ষার্থী মিশু। তিনি লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী হয়ে মঞ্চ নাটকেও প্রতিভার পরিচয় দিয়েছেন। মহামারি করোনাভাইরাস সংক্রমণের সময় সিলেটের সাংস্কৃতিককর্মীদের মানবিক উদ্যোগ ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যার সময়ও মানবিক উদ্যোগে নাট্যকর্মীদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
মিশফাক আহমদ মিশুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নাট্য পরিষদসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।