চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫০ পিএম
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। প্রবা ফটো
চট্টগ্রামকে সিলিকন সিটির আদলে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছেন জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামকে বাণিজ্যিক নগরীর পাশাপাশি সিলিকন সিটির আদলে গড়ে তুলতে তথ্য প্রযুক্তির উন্নয়নে নিয়েছেন অনেকগুলো পরিকল্পনা। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী প্রজন্ম টেকনোলজি এবং নলেজবেইজড সোসাইটিতে রূপান্তরিত হবে। একইসঙ্গে সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী ৫ বছরে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি বলেন, ‘সরকার ফ্রিল্যান্সারদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে নগরীর চান্দগাঁওয়ে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে একটি ফ্লোর চিটাগাং চেম্বারকে প্রদান করেছেন। যেখান থেকে ছয়মাস বিনা ভাড়ায় কাজ করার সুযোগ পাবেন ফ্রিল্যান্সাররা।’
ওমর হাজ্জাজ বলেন, ‘৯০ এর দশকে প্রতিবেশী দেশ ভারত তথ্য প্রযুক্তিতে নিজেদের মনোনিবেশ করে। যার ফলে বর্তমানে আইটি সেক্টরে তারা সমগ্র বিশ্বে নেতৃত্ব প্রদানকারী অবস্থানে রয়েছে। অ্যামাজন, গুগল, মাইক্রোসফটসহ বিশ্বের নামিদামী আইটি প্রতিষ্ঠানগুলো কাজ করছে ভারতের লোকজন।’
চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, ‘এসসিআইটিপির সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব মো. সাইফুল ইসলাম মাহিন, গোল্ড স্পন্সর ডিডিএনর রিদুয়ানুল কবির, টেকনোলজি পার্টনার লিংক থ্রির ফয়সাল বিন আমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ সময় চেম্বার পরিচালকদ্বয় মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও অঞ্জন শেখর দাশসহ এসসিআইটিপি’র নেতৃবৃন্দ, মেলার স্পন্সর, পার্টনার ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসসিআইটিপির সভাপতি আবদুল্লাহ ফরিদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এ জন্য জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি প্রয়োজন। এ জন্য আমরা মেলার পাশাপাশি আইটি সংশ্লিষ্ট সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করেছি। যেখানে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন আইটি খাতের উদ্যোক্তা, পেশাজীবী ও ফ্রিল্যান্সাররা। দেশে অন্যতম উন্নয়ন সহযোগী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বারের সঙ্গে আমরা আগামীতে আরও বৃহৎ পরিসরে মেলা আয়োজন করব।’
অনুষ্ঠান শেষে মেলার প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভ, গোল্ড স্পন্সর ডিডিএন, সিলভার স্পন্সর সফোজ, টেকনোলজি পার্টনার লিংথ থ্রি, সাইবার সিকিউরিটি পার্টনার বিটলস সাইবার সিকিউরিটিসহ সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনদিন দিনব্যাপী এই মেলায় ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠানসহ ৪০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল অংশগ্রহণ করে। প্রায় ৭-৯ হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করেন।