নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭ পিএম
প্রক্সি দেওয়ার অভিযোগে নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা থেকে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত
নওগাঁর সাপাহার উপজেলায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মো. মোসাদ্দেক হোসেন।
তিনি বলেন, ‘আমি গোপন সূত্রে জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। এরপর ইউএনও স্যার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যার এসে কক্ষ পরিদর্শকদের সহায়তায় এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করেন।'
ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো মাদ্রাসাগুলো হলো, সাপাহারের সিমুলডাঙা দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), মানিকুড়া দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), পলাশডাঙা দাখিল মাদ্রাসা, দেওপাড়া দাখিল মাদ্রাসা, আলাদিপুর দাখিল মাদ্রাসা, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা।
কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরবী ২য় পত্র পরীক্ষায় কিছু ভুয়া
পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে কক্ষ পরিদর্শকদের জানান
কেন্দ্র সচিব। পরিদর্শকগণ খাতা স্বাক্ষর করার সময় বিষয়টি নিশ্চিত
হয়ে কেন্দ্র সচিবকে জানান। তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কেন্দ্রে অভিযান চালান। এসময়
শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন
কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সবকিছু যাচাই-বাছাই করেন।
যাচাই-বাছাই শেষে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হয়।
সূত্র আরও জানায়, এই কেন্দ্রে ৪০টি মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ৮৯৮ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে সিমুলডাঙা দাখিল মাদ্রাসা থেকে ১১ জন, পলাশডাঙা দাখিল মাদ্রাসা থেকে ৮ জন, দেওপাড়া সিংপাড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন, আলাদিপুর দাখিল মাদ্রাসা থেকে ১ জন, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন, বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা থেকে ২ জন, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন, মানিকুড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন ভুয়া পরীক্ষার্থী কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছিলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন বলেন, 'সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'