গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৪:০৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২২ ১৭:২৬ পিএম
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার মাকিষবাথান এলাকায় গতকাল শনিবার দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল, টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশাচালক নজরুল ইসলাম, বরগুনার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু ও যশোরের মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরও একজন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
ঘাতক ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।