জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম
গ্রেপ্তার আবু সাকী অর্পণ ও মাহমুদুল হাসান মিশন। প্রবা ফটো
জামালপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী রাদিয়াত রহমান অর্ণবের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে হামলার ঘটনায় রবিবার সকালে জামালপুর থানায় হত্যাচেষ্টার মামলা হলে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন, সর্দারপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আবু সাকী অর্পণ ও মাসুদ আলমের ছেলে মাহমুদুল হাসান মিশন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও জনতার হাতে আটক হামলাকারী গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের এজাহারভুক্ত করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জানা যায়, রাদিয়াত রহমান অর্ণব প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের বাসার উদ্দেশে বের হয়। পথে সর্দারপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসহ অর্ণবের ওপর হামলা করে। অর্ণবের ডাক-চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে স্থানীয়রা হামলাকারী দলের দুই সদস্যকে হাতেনাতে আটক করে। রবিবার সকালে জামালপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন অর্ণবের বাবা সাংবাদিক লুৎফর রহমান।