সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা
সিলেট অফিস
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৯ পিএম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। ফাইল ছবি
সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তুলে পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে সিলেট মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক সগির আহমেদ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের আইনজীবী মো. মোখলেসুর রহমান।
তিনি বলেন, ‘রবিবার সকালে আরিফ হত্যার প্রধান আসামি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠায়।’
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নিপু। এ সময় বিচারক কিউ. এম নাছির উদদীন, নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে নিপু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচরের টিবি গেইট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা আরিফ আহমদ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় মামলা হলে প্রধান আসাসি করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, ‘আরিফ হত্যা মামলার ১০ আসামির মধ্যে কাউন্সিলর নিপুসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন।’