কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০১ পিএম
আটক ইয়াছিন মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। প্রবা ফটো
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাসপোর্টের জন্য ছবি তুলতে এসে কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ওই তরুণকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ১৯ বছর বয়সি ইয়াছিন মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। সেখান থেকে সে ২০ দিন আগে কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ আসে।
জেলা গোয়েন্দা কর্মকর্তা রাজেস বড়ুয়া বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে ওই তরুণ। কুমিল্লার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসে সে।’
‘তখন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে দেখে সন্দেহ করলে ঠিকানা জানতে চাওয়া হয়। ঠিকানা ঠিকঠাকভাবে না বলতে পারায় আমাদের জানানো হয়। আমরা গিয়ে ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তার নাম ইয়াছিন। গত ২০ দিন আগে মিয়ানমারে বলিবাজার এলাকা থেকে কক্সবাজার আসে সে,’ যোগ করেন তিনি।
ওসি রাজেস আরও বলেন, ‘পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সে (রোহিঙ্গা তরুণ) কীভাবে জন্মসনদ পেল তা খতিয়ে দেখা হচ্ছে।’