রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৪ পিএম
রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো
রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে দুই লেনবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমন্বিতনগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে।
রাসিকের দেওয়া তথ্যমতে, ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হবে ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা। ফ্লাইওভারের ধরন বক্স গার্ডার, আরসিসি (কাস্ট ইন সিটু)। ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। এতে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে, পিলার থাকবে ১৭টি, অ্যাবার্টমেন্ট দুটি এবং মোট পাইলের সংখ্যা ৯৭টি। পাইলের গভীরতা হবে ৩৬ থেকে ৪৬ মিটার। ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এর আগে গত বছর রাজশাহী নগরীর বুধপাড়া মোহনপুরে একটি ফ্লাইওভারের নির্মাণকাজ সমাপ্ত হয়। যার সুফল পাচ্ছে নগরবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী
শহরের মধ্য দিয়ে রেললাইন বয়ে গেছে। শহরের মধ্যে রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি কমাতে এবং
যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে আরও পাঁচটি ফ্লাইওভার
নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজকে একটির নির্মাণকাজের উদ্বোধন করা
হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।’
তিনি বলেন, ‘রাস্তা, ড্রেন, পার্ক, বিনোদনকেন্দ্রসহ
বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হচ্ছে, আরও
হবে। এখন আমার এক নম্বর কাজ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে দক্ষ
জনগোষ্ঠী তৈরি করতে সিটি করপোরেশনের উদ্যোগে কম্পিউটারের বিভিন্ন কোর্সে
প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ট্রেনিং সেন্টার স্থাপন
করা হবে। আগামীতে রাজশাহী হবে কম্পিউটার হাব।’
রাসিক মেয়র আরও বলেন, ‘গোদাগাড়ীর
সুলতানগঞ্জে নৌবন্দর চালু হয়েছে। ভারতের মুর্শিদাবাদের মায়া হতে সুলতানগঞ্জ
পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এটি আমার নির্বাচনী প্রতিশ্রুতিও
ছিল। প্রথম পর্যায় বাস্তবায়ন হয়েছে। এবার রাজশাহী শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব
হাইটেক পার্কের পাশে রাজশাহী নৌবন্দর করা হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থান হবে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনে রাজশাহীর মানুষের মুখে
হাসি ফুটবে। আমরা যে প্রশংসা অর্জন করেছি, এটি দিনে দিনে আরও বৃদ্ধি করতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিতনগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের ডিরেক্টর সুশান্ত কুমার সাহা, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এসএম খোরশেদ আলম, মহানগর সমন্বিতনগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রকল্পের উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ (শিশির), সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, প্রকল্প পরিচালক সুবোধ চন্দ্র চিত্র, প্রকল্প ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসানসহ কনসালট্যান্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসরুল হক খিচ্চু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।