খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম
দিনাজপুরের খানসামায় অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে ১ মাসের সাজা দিয়েছেন আদালত। প্রবা ফটো
দিনাজপুরের খানসামায় অনলাইন জুয়া প্ল্যাটফর্মে জড়িত থাকার দায়ে পাঁচজনকে ৩০ দিনের বিনাশ্রম দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দীন এ আদেশ দেন।
ইউএনও মো. তাজ উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো, উপজেলার ২নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন, হাচানুর ইসলাম, ঝগড়ু পাড়ার গালিব ইসলাম, আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার উজ্জ্বল ভুঁইয়া ও সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সুবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ সালের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক, ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ রয়েছে।’
ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, ‘জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’