× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহু কাঙ্ক্ষিত জয়নগর-কালিনগর রাস্তার কাজ শুরু

পরশ উজির, গোপালগঞ্জ (কাশিয়ানী)

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৫ পিএম

শনিবার কদমি হাফিজিয়া মাদ্রাসার সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জয়নগর-কালিনগর রাস্তার কাজ উদ্বোধন করা হয়। প্রবা ফটো

শনিবার কদমি হাফিজিয়া মাদ্রাসার সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জয়নগর-কালিনগর রাস্তার কাজ উদ্বোধন করা হয়। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে বেহাল সড়কে হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে জয়নগর-কালিনগর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ। এতে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের এখন একটাই দাবিবহু কাঙ্ক্ষিত সড়কের কাজ যেন দুর্নীতিমুক্তভাবে দ্রুত সময়ে শেষ হয়। প্রকল্প বাস্তবায়নকরী সংস্থা জানিয়েছে, প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে সাড়ে ১০ কোটি টাকার বেশি। সব মিলে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর বাজারকে যুক্ত করেছে জয়নগর-কালিনগর সড়ক। ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।

গেল শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কদমি হাফিজিয়া মাদ্রাসার সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জয়নগর-কালিনগর রাস্তার কাজ উদ্বোধন করা হয়। এই সড়কে মানুষের ভোগান্তি নিয়ে এর আগে প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন সড়কের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সরেজমিনে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। মহেশপুর প্রাইমারি স্কুলের শিক্ষক আফরিন তাজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাস্তার কাজ শুরু হওয়ায় অনেক ভালো লাগছে। আমাদের অনেক প্রত্যাশা ছিল এমন একটা দিনের। এখন রাস্তার কাজ সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হলে দুই উপজেলার ১৫ গ্রামের হাজার হাজার মানুষের অনেক দিনের দুর্ভোগ লাঘব হবে। কৃষিনির্ভর এই এলাকার অর্থনীতির পালে লাগবে নতুন হাওয়া।’


একই আশাবাদ ব্যক্ত করেন দস্তন গ্রামের রিপন খান। তিনি বলেন, ‘জীবিকার তাগিদে ঢাকায় থাকি। কিন্তু কমবেশি প্রতি সপ্তাহে গ্রামে আসা হয়। বাড়ির বেহাল পথে সারা বছরই ভোগান্তি লেগে আছে। বর্ষায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। তবে রাস্তার কাজ শেষ হলে দুর্ভোগ কমবে। তখন কম সময়ে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারব।’

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. নাসিমুল ইসলাম, ঢাকা ডিভিশন প্রকল্প কনসালট্যান্ট মো. মমিনুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লুৎফর রহমান বলেন, ‘তিন-চারটি উপজেলার সংযোগ এই রাস্তা। এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি হলে এলাকাবাসীর অনেক উন্নয়ন হবে।’


ইউপি চেয়ারম্যান লুথু বলেন, রাস্তাটি দীর্ঘদিন এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। রাস্তাটির কাজ শুরু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, প্রায় ৫ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ১০ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা। রাস্তার কাজের টেন্ডার পেয়েছে যাকাউল্লা ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১২ থেকে ১৫ মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা