গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১২ পিএম
প্রবা ফটো
গাইবান্ধা সদরে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর হাটের তেতুলতলা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ রেজা মিলু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী ৫০ লাখ টাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাত ১২টার দিকে দাড়িয়াপুর বাজারের তেতুল তলায় সুজন কুমারের সেবা ফার্মেসিতে আগুন দেখতে পান তারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানগুলোতে। আগুন লাগার খবরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করে এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে বসতবাড়িসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়, কেউ তা বলতে পারেনি। তবে এ ঘটনায় অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা।