চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম
চিকিৎসক সেজে চমেকের আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান, কর্তৃপক্ষের হাতে ধরা।
চিকিৎসক সেজে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রবেশ করার অভিযোগে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে নগরীর পাঁচলাইশ থানা পুলিশের কাছে সপর্দ করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদি হয়ে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।
আটক তৈয়ব আলী পাটোয়ারী (৫২) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চর সাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি চিটাগং ল্যাব লিমিটেড নামে একটি বেসরকারি প্যাথলজিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন। তাকে নগরীর পাঁচলাইশ থানা পুলিশের কাছে সপর্দ করা হয়েছে।
বিগ্রেডিয়ার শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশ বলেন, তিন নম্বর ওয়ার্ডের আইসিইউ পরিদর্শনে গিয়ে দেখি আটক তৈয়ব আলী পাটোয়ারী আইসিইউর ভেতরে রোগীর সঙ্গে কথা বলছেন। তার পরনে চিকিৎসকদের মতো অ্যাপ্রোন, মুখে মাস্কসহ সবকিছুই ছিল। তাকে দেখে আমরা প্রথমে চিকিৎসক মনে করেছিলাম। কিন্তু আমি তার পরিচয় জিজ্ঞেস করলে কিছু বলতে পারেনি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে একটি বেসরকারি প্যাথলজিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। রোগীদের ওই ল্যাবে সেবা নিতে প্রলুব্ধ করতেই সে আইসিইউতে প্রবেশ করেছে।’
এ সর্ম্পকে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমাকে একাধিকবার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।