× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যবোঝাই পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজি

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম

গত ৭ দিনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সড়কে চাঁদাবাজির সময় ৪৫ জনকে আটক করে র‌্যাব। প্রবা ফটো

গত ৭ দিনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সড়কে চাঁদাবাজির সময় ৪৫ জনকে আটক করে র‌্যাব। প্রবা ফটো

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সড়কে পণ্যবোঝাই পরিবহনে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি। ট্রাকের আকার ও পণ্যের পরিমাণের ওপর নির্ধারিত হয় চাঁদার পরিমাণ। চাঁদা না দিলে চালককে নির্যাতন কিংবা ট্রাফিক আইনে মামলার ভয় দেখানো হয়। যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। সড়কে যাতায়াত খরচ বৃদ্ধির অজুহাতে তারা বাড়াচ্ছেন পণ্যের মূল্য। বিষয়টি নজরে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন। র‌্যাব এরই মধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধ করতে বিভিন্ন জেলা থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে।

চাঁদাবাজিতে ব্যবহার করা হয় রাজনৈতিক ব্যক্তির পরিচয়, নয়তো পরিবহন শ্রমিক সংগঠনের নাম। ট্রাক টার্মিনাল ইজারার নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। টার্মিনালে না দাঁড়িয়ে সড়ক দিয়ে গেলেও দিতে হয় চাঁদা। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

র‌্যাবের দেওয়া তথ্য মতে, গত এক সপ্তাহে রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন সড়ক ও ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে রশিদ বই, নগদ অর্থ, লাল ঝান্ডা ও লাঠিসহ ৪৫ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

গত ৭ ফেব্রুয়ারি র‌্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা সড়কে অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজির অন্যতম হোতা রফিকুল ইসলামসহ তিনজনকে আটক করে। ৬ ফেব্রুয়ারি আটক করা হয় আরও দুজনকে। ৫ ফেব্রুয়ারি নাটোরে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় ২৫ জনকে। একই দিন জয়পুরহাট জেলার কলাবাজার এলাকা থেকে কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদাবাজির দায়ে নগদ টাকা ও সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। 

এ ছাড়াও রাজশাহীর বাঘা উপজেলার বঙ্গবন্ধু মোড়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে ৭ ফেব্রুয়ারি কাঁচামালবোঝাই ট্রাক, সিনএনজি অটোরিকশা ড্রাইভারদের গতিরোধ করে চাঁদাবাজি চক্রের মূল হোতা আরমান ওরফে রানাসহ চারজনকে আটক করে র‌্যাব। ৪ ফেব্রুয়ারি রাজশাহী নগরীর শাহ মখদুম ট্রাক টার্মিনালে অভিযানে চাঁদাবাজ চক্রের অন্যতম কারিগর আক্তারুজ্জামান হেলেনসহ চারজনকে আটক করা হয়। একই দিন নগরীর উপকণ্ঠ কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে আশরাফুল ইসলামসহ তিনজনকে আটক করে র‌্যাব।

কথা হয় নগরীর খড়খড়ি হাটে সবজি বোঝাই ট্রাকচালক রুস্তম আলীর সঙ্গে। তিনি অভিযোগ করে বলেনÑ বাঘা, চারঘাট, খড়খড়ি বাইপাসসহ ঢাকা পর্যন্ত সড়কের বিভিন্ন মোড়ে প্রকাশ্যে ট্রাক থেকে চাঁদা তোলা হয়। স্লিপে যদি ৪০ টাকা লেখা থাকে আদায় করা হয় ৪০০ টাকা। এভাবে ঢাকা পর্যন্ত যেতে মালবোঝাই ট্রাককে দিতে হয় অন্তত ৩ থেকে ৫ হাজার টাকা।

বাগমারা উপজেলার মাছবোঝাই ট্রাকের চালক হেদায়েত উল্লাহ বলেন, রাস্তায় পদে পদে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে ওরা আমাদের আটকে রাখে। সার্জেন্টকে দিয়ে মামলার ভয় দেখায়। বাধ্য হয়ে তাদের চাঁদা দিতে হয়। এই টাকা মহাজনরা ঠিকই মালের সঙ্গে দাম ধরে আদায় করে। 

র‌্যাব-৫ এর সিইও লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, আমরা কঠোরভাবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছি। গত এক সপ্তাহে ৪৫ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছি। চাঁদাবাজদের যেখানে পাওয়া যাবে আমরা তাদের গ্রেপ্তার করব। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পণ্যবোঝাই পরিবহনে চাঁদাবাজির দোহাই দিয়ে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। এ কারণে আমরা এবারই প্রথম এই অভিযান শুরু করেছি।

চক্রের ভেতরের চিত্র তুলে ধরে র‌্যাবের সিইও বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংগঠনের নাম ব্যবহার করে তারা চাঁদাবাজি করেন। পরিবহন শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে জেনেছি, তারা ৬০ টাকা আদায় করেন। এই অর্থ আদায়েরও কোনো ভিত্তি নেই। আমরা দেখছি পণ্যবোঝাই ট্রাক থেকে ২৫০ থেকে ৪৫০ টাকা আদায় করা হয়। এমনকি বিভিন্ন জায়গায় ইজারা দেওয়ার নামে সড়কজুড়ে যেকোনো পরিবহন থেকে টাকা আদায় করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা