বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৬:৩২ পিএম
বন্যহাতি।
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাবপাড়ায় আজ (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম খাদিজা বেগম। তিনি সোহরাবপাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী। আহত প্রতিবেশীরা হলেন মোজাম্মেল বয়াতি ও আমির আলী।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, খদিজা বেগম সকালে নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বন্যহাতিটি এসে আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আহত হন মোজাম্মেল বয়াতি ও আমির আলী। মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহত দুজনকে চিকিৎসার জন্য প্রথমে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, ‘লামা উপজেলায় হাতি ও মানুষের দ্বন্দ্ব আছে। উভয়ের নিরাপদ আবাসস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু করা হবে। প্রয়োজনে আবারও লামা উপজেলা পরিষদে বসে সবার সঙ্গে আলোচনা করা হবে; যাতে মানুষ ও হাতি নিরাপদে বাস করতে পারে সেই ব্যবস্থা করা হবে।’
নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।