মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০১ এএম
প্রবা ফটো
তফসিল ঘোষণার আগেই কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে চায়ের আড্ডাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। এসব আড্ডা ও গল্পে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সমাজিক নানা অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন সরকারদলীয় একাধিক নেতাও। পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলোতে হওয়া কোনো অনুষ্ঠানও বাদ দিচ্ছেন না তারা। এ ছাড়াও বিভিন্ন চায়ের দোকান, সাংগঠনিক কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় অফিসেও নিয়মিতই ঢুঁ মারছেন এসব নেতা। তবে মাঠের এই প্রচারণাকেও হার মানাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা। বিভিন্ন পোস্ট আর ভিডিওতে নানা পরিকল্পনা তুলে ধরে সম্ভাব্য প্রার্থীরা অব্যাহত গণসংযোগ চালাচ্ছেন।
জানা গেছে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া অসুস্থ থাকায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। পরিবার সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গত নির্বাচনে তিনি নৌকা মার্কা পেয়ে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা আবুল মনসুর এবার শক্ত প্রার্থী।
এ ছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ দুইবারের সাবেক চেয়ারম্যান ড. মোস্তাক আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম অলি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আক্তারুজ্জামান খোকা। এ ছাড়াও যুবদল নেতা বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন চেয়ারম্যান প্রার্থী হবেন বলে জানা গেছে।
ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আছেন গত নির্বাচনে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অরুন আল-আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শহীদুল্লাহ কায়সার, যুবলীগ নেতা মুক্তার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবিহা মাহবুব প্রভা, মোমিনা বেগম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, সব ইউনিয়ন ও পৌর শহরের মানুষ আমাকে চেয়ারম্যান পদে দেখতে চাই। তাই আমি জনসংযোগে মাঠে নেমেছি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবুল মনসুর বলেন, বিগত নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম। কিন্তু একটি মহল নৌকার প্রার্থীকে জোর করে বিজয়ী করিয়ে আমাকে পরাজিত করেছিল। এবার আমি নির্বাচন করব তাই মাঠে রয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আল মামুন জানান, আমি দুই বার ভাইস চেয়ারম্যান হয়েছি। ভৈরবের সাধারণ মানুষ আমাকে পছন্দ করে। বিএনপি নির্বাচনে যাবে না। তবে আমি আশা করি দলীয়ভাবে আমাকে পূর্ণ সমর্থন জানাবে।