চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২১ পিএম
চট্টগ্রাম মহানগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত আন্তঃস্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রবা ফটো
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সফট স্কিল গড়তে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট কারিকুলাম গড়ে তুলছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সময়মতো কাজ করার মানসিকতা, সার্বজনীন দক্ষতা অর্জন, দলগত কাজ করা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা– এসব গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত আন্তঃস্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বাংলাদেশের একটি অনন্য সিটি করপোরেশন। এই সিটি করপোরেশন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করে।
চসিক মেয়রকে মাঠ রক্ষার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, খেলার মাঠ দখল করে আমাদের মেলার প্রয়োজন নেই, খেলার প্রয়োজন। মাঠগুলোতে শিক্ষার্থীরা যাতে খেলতে পারে এজন্য চট্টগ্রামের মাঠগুলো রক্ষায় মেয়র মহোদয়কে এগিয়ে আসতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে খেলার সুযোগ পায় সে বিষয়ে সচেষ্ট হতে হবে। আমাদের একটা সুষম উন্নয়নের জন্য তাদেরও মানসিক এবং শারীরিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ এবং তারাও এগিয়ে যাবে ছেলেদের সঙ্গে মিলে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের ৮২টি স্কুলে ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। আমি চাই শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে এগিয়ে যাক। এজন্য চসিকের ইতিহাসে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় এ আয়োজন করেছি। আমি চাই চট্টগ্রামের কোনো শিশু শিক্ষা বঞ্চিত না থাকুক। এজন্য শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় চসিকের স্কুলগুলোকে এমপিওভুক্ত করুন। তাহলে আমরা আরও স্বল্প বেতনে আরও বেশি শিক্ষার্থীকে পড়াতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিকের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।