× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার থেকে শত শত গুলি এসে পড়ছে বাংলাদেশে

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপড়া সীমান্তে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে কয়েক শত গুলি এসে পড়েছে। প্রবা ফটো

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপড়া সীমান্তে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে কয়েক শত গুলি এসে পড়েছে। প্রবা ফটো

মিয়ানমার থেকে বান্দরবানের নয়াপড়া সীমান্তে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে গুলি এসে পড়ছে। মিয়ানমারের অভ্যন্তরে জান্তার বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের কারণে সীমান্তে গুলি এসে পড়ছে বলে দাবি বিজিবির। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 

বিজিবির সূত্র জানিয়েছে, ২০-২৫ জনের একটি দল বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ হয়। এর কয়েক মিনিট পর মিয়ানমারের অভ্যন্তরে তুমুল গোলাগুলি শুরু হয়। এতে এপারেও একের পর এক গুলি আসতে থাকে। মিয়ানমারের অভ্যন্তরে দু’পক্ষের সংঘর্ষে এপারে গুলি এসে পড়েছে বলে দাবি বিজিবির।

স্থানীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপড়া সীমান্ত এলাকায় বিজিবি, সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য এবং কিছু গণমাধ্যম কর্মীকে দেখা যায়। বেলা ১২টার দিকে অবিস্ফোরিত বোমা বা মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার কয়েক মিনিটের মধ্যে মিয়ানমারের অভ্যন্তরের ঢেঁকিবনিয়া এলাকা থেকে একের পর এক গুলি আসতে থাকে।

সাধারণ মানুষের ধারণা, প্রায় কয়েক শত গুলি ছোড়া হয়েছে। এপারের লোকজনকে লক্ষ্য করেই তা ছোড়া হয়েছে। এত গুলির মুখে উপস্থিত লোকজন দিকবিদিক ছুটতে থাকে। আবার অনেকেই জমিতে শুয়ে পড়ে। পরে পরিস্থিতি একটু শান্ত হলে সবাই নিরাপদ স্থানে চলে যায়। গোলাগুলির পর থেকে সীমান্তে আবারও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে থাকা বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লে. কর্ণেল আজিজ জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এ পারে গুলি এসে পড়েছে।

এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বাংলাদেশে সীমান্ত পরিস্থিতি দুই দিন শান্ত থাকলেও বৃহস্পতিবার রাতে ওপারে মুহুর্মুহু গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে। এবার গুলির শব্দ পাওয়া গেছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদ সীমান্তের ওপারে।

শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, উনচিপ্রাং, কানজরপাড়া সীমান্তের নাফ নদের ওপারে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। তবে শুক্রবার সকাল থেকে এ শব্দ আর পাওয়া যায়নি।

বান্দরবানের ঘুমধুম সীমান্ত ও উখিয়ার পালংখালীর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা