চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২২ পিএম
চট্টগ্রাম সার্কিট হাউসে সিডিএ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। প্রবা ফটো
আলোচিত সেই জি কে শামীমসহ গৃহায়ণে আর কোনো ঠিকাদার সিন্ডিকেট থাকবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সিডিএ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুর্নীতি ও ঠিকাদারি নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এমনকি আলোচিত সেই জি কে শামীমসহ ঠিকাদারি সিন্ডিকেটের বিষয়ে নতুন মন্ত্রী হিসেবে আপনার কোনো উদ্যোগ রয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী বলেন, ‘আমার কাছে আলাদিনের কোনো প্রদীপ নেই। আমি দুর্নীতি-নীতি দুটোর বিষয়ে তেমন বুঝি না। আমি বুঝি আইন ও বিধিবিধান অনুযায়ী কাজ করা। আইন ও বিধিবিধান অনুযায়ী কাজ করলে কোনো দুর্নীতিবাজ আর থাকবে না। থাকবে না আর কোনো সিন্ডিকেট। সব কাজ বিধিবিধান করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’
পতেঙ্গা সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান বসার কারণে পতেঙ্গার সৌন্দর্যহানি হওয়ায় পর্যটকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিডিএ কেন ব্যবস্থা নিচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘সমুদ্রসৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। এখানে আমাদের সিডিএ চেয়ারম্যান রয়েছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ইতোমধ্যে আমি নির্দেশনা দিয়েছি। জলাবদ্ধতার সমস্যা আমার নজরে থাকবে। চট্টগ্রামে আজকেই শেষ না, বারবার আসব। যখন প্রয়োজন পড়বে তখনোই আসব। বিষয়টি নিয়ে সচিব, সিডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে দেখার জন্য বলা হয়েছে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, এডিসি (সার্বিক) রাকিব হাসান, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ প্রমুখ।