চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম
সীতাকুণ্ডে ট্রেনের দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। প্রবা ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে ঢাকা ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকার কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের সংশ্লিষ্টরা সংস্কার কাজ চালিয়ে সিঙ্গেল লাইন চালু করার পর রাত সাড়ে আটটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল। তখন ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় শান্টিং করছিল অন্য একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে শান্টিং ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত রিলিফ ট্রেন পাঠানো হয়। ইঞ্জিন সরিয়ে প্রথমে সিঙ্গেল লাইন চালু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘কী কারণে এই দুর্ঘটনা হয়েছে এখন বলা যাচ্ছে না। তবে এই দুর্ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’