মধ্যাঞ্চলীয় ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১০:৫৬ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৩:০৫ পিএম
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে মহান চার নেতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন। প্রবা ফটো
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জেলা কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলায় তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রথম দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে মহান চার নেতার স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সৈয়দ নজরুলের জীবনের নানা দিক নিয়ে বক্তারা আলেচনা করেন।
দ্বিতীয় দিন আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন কর্মসূচি পরিদর্শন ও উদ্বোধনের কথা রয়েছে সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির।
বিকাল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরির তৃতীয় তলায় সৈয়দ নজরুল ইসলাম কর্নারও উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায়ও জাকিয়া নূর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
তৃতীয় দিন শনিবার সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে এক বিশেষ আলোচনা সভায় জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম ও বর্তমান রাজনীতি বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সৈয়দা জাকিয়া নূর।।
ওইদিন সন্ধ্যায় হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ নজরুল স্মরণসভা ও জেলহত্যা দিবসের আলোচনা সভায়ও তিনি উপস্থিত থেকে সেই দুঃসময়ের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে জেলহত্যা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচির সমাপ্তি হবে।