সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম
সাতকানিয়া থানা। ছবি : সংগৃহীত
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মুহাম্মদ মোছলেম ড্রাইভারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তাকে বেঁধে ও বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মোছলেম বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে গাছ বেয়ে ছাদ দিয়ে পাঁচ-ছয়জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির নারীদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খোলায়। পরে আমার রুমে ঢুকে আমাকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ, সাতটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমার ছোট ভাই আকতার হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে চাকরি করে। রাতেই তার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে।’
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মধ্যরাতে পশ্চিম বড়দুয়ারায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’