চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম
সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড। প্রবা ফটো
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতব্যাপী সাতকানিয়া উপজেলার খাগরিয়া, কাঞ্চনা ও ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে এসব কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ডাম্পার জব্দ হয়।
দণ্ডিতরা হলেন সাতকানিয়ার দক্ষিণ চরতী এলাকার মো. আরফাত, নতুন চরখাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের তৌহিদুল আলম বাবুল, চন্দনাইশের হাসেমপুর ৮ নম্বর ওয়ার্ডের মো. ছিদ্দিক, নোয়াখালী সদর মাইজদী ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহাদত ও উত্তর ঢেমশা ৫ নম্বর ওয়ার্ডের মো. আজমগীর।
ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। তিনি বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সোমবার রাতে অভিযানে নেমে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ফসলি জমির মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।