× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা শুরু কাল, আমবয়ান আজ থেকেই

গাজীপুর ও টঙ্গী প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫২ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তবে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ আজ বৃহস্পতিবার বাদ-ফজর থেকেই আমবয়ান পেশ করবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। বিভিন্ন দেশের অতিথিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম দিকে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক নিবাস। আগতদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান নানা উদ্যোগ নিয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সার্বক্ষণিক নজরদারিতে ইজতেমা ময়দানের আশপাশে বেশ কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

এবা‌রের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে আজ শুক্রবার। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতে ইজতেমা ময়দানে গত মঙ্গলবার থেকেই আসতে শুরু করে মুসল্লিরা। তবে গতকাল বুধবার সকাল থেকে ক্রমাগত মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। এবার চট সংকট থাকায় মুসল্লিদের নিজ উদ্যোগে শামিয়ানা ও চট টাঙানোর কাজ করতে দেখা গেছে। এদিকে ইজতেমায় আসার পথে গতকাল এক মুসল্লি অসুস্থ হয়ে মারা গেছেন।

ইজতেমার এই পর্বের আয়োজক মাওলানা জোবায়েরপন্থি জামাত। চার দিন বিরতির পর ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আয়োজক ভারতের তাবলিগ মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধালবীর অনুসারিরা।

প্রথম পর্বের মিডিয়াবিষয়ক জিম্মাদার মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সব প্রস্তুতি শেষের পর এখন মুসল্লিদের বরণ করতে আয়োজক কমিটি প্রস্তুত। এখন ময়দানের বিভিন্ন খেত্তায় নির্ধারিত বিভিন্ন জেলার মুসল্লিরা এসে অবস্থান নেবেন। আগত মুসল্লিদের ইজতেমার কর্মসূচিতে অংশ নিতে ও তাদের সব ধরনের সেবা প্রদানে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার বিশ্ব ইজতেমা শুরুর তারিখ হলেও আজ বৃহস্পতিবার বাদ-ফজর থেকেই আমবয়ান শুরু হবে। ইজতেমার প্রচলিত রেওয়াজ অনুসারে আন্তর্জাতিক এই ধর্মীয় মহাসমাবেশ কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শুরু হবে। সভাপতিহীন এই মহাসমাবেশে থাকছে না কোনো প্রধান বা বিশেষ অতিথি। নাম-পদবি ছাড়াই বিভিন্ন দেশের ওলামায়ে কেরামগণ এই সম্মেলনে তাবলিগের জামাতের রীতি অনুসারে শুধু ধর্মীয় অরাজনৈতিক বয়ান পেশ করবেন। 

ইতোমধ্যে ইজতেমা ময়দানে বিভিন্ন জেলাসহ বিভিন্ন দেশের মেহমানরা আসতে শুরু করেছেন। বিদেশি মেহমানরা ঢাকার কাকরাইল মসজিদ ও টঙ্গী-গাজীপুরের বিভিন্ন মসজিদে গাস্তের কাজে নিয়োজিত রয়েছেন। ময়দানের উত্তর-পশ্চিম দিকে ১০ হাজার মেহমানের অবস্থান উপযোগী করে টিন ও চটের আন্তর্জাতিক নিবাস তৈরি করা হয়েছে।এই নিবাসে বিদেশি মেহমানদের খাবার সরবরাহ, খাবার তৈরি ও পরিবেশনসহ খেদমতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে প্রস্তুত করা হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে আগতদের সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে অতিরিক্ত বেড স্থাপন করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে অর্ধশতাধিক ফ্রি ক্লিনিক স্থাপন করা হচ্ছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ১০টি অ্যাম্বুলেন্স। 

গাজীপুর সিটি করপোরেশনের সহকারী বর্জ্য অপসারণ ও পয়ঃপ্রণালি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিশ্ব ইজতেমায় আগতদের জন্য ১০টি গভীর নলকূপ থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ও ওজু-গোসলখানা নিয়মিত পরিষ্কার রাখতে কঞ্জাভেঞ্চি টিম প্রস্তুত রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব ইজতেমায় পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাত হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে। ইতোমধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা টহল শুরু হয়েছে। ইজতেমা ময়দানে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের একটি নিয়ন্ত্রণ কেন্দ্র ও ফায়ার ফাইটার টিমও মোতায়েন করা হয়েছে।

ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ইজতেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সাইবার মনিটরিং ও সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল দুপুরে বিশ্ব ইজতেমার ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে উল্লেখ করে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর ১৫ হাজার সদস্য নিয়ে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা নিয়ে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। আমরা তাদের ব্রিফিং করেছি, প্রশিক্ষণ দিয়েছি; কে, কখন, কোথায়, কীভাবে দায়িত্ব পালন করবে সেভাবে তাদের প্রস্তুত করেছি।

আইজিপি জানান, ইজতেমা ময়দানের নিরাপত্তায় বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিম, ক্রাইম সিন, প্রশিক্ষক টিমসহ নৌবহর ও হেলিকপ্টার দিয়েও টহলের ব্যবস্থা প্রস্তুত থাকবে। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা থাকবে। পুলিশের পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। ইজতেমায় যদি ভিআইপি-ভিভিআইপিরা আসেন তাদের বিষয়টিও বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় পুলিশপ্রধানের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, ডিএমপির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইজতেমা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। তারপরও অনলাইনে নজরদারি রাখা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ইজতেমায় র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নাই। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। আমাদের গোয়েন্দা নজরদারি ও সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো সংগ্রহ করেছি। ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর র‌্যাব-১ সহ অন্যান্য পাঁচটি ব্যাটালিয়ন দায়িত্বরত থাকবে। ইজতেমা এলাকায় নিরাপত্তা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 

এ ছাড়া সদর দপ্তর থেকে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্পেশাল টিম বম্ব ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাবের হেলিকপ্টার প্যাট্রোল দেওয়া হবে। বিশ্ব ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র ইজতেমা ময়দান ঘিরে র‌্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। 

বিদেশি মুসল্লিদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, বিদেশি মুসল্লিদের বিদেশি খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখা হয়েছে। ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশির জন্য চেরাগআলী বাসস্ট্যান্ড, টঙ্গী-কালীগঞ্জ রোড, উত্তরা নর্থ টাওয়ারের সামনে ও আশুলিয়া-কামারপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

ইজতেমায় আসার পথে মুস‌ল্লির মৃত‌্যু

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসার পথে এক মুস‌ল্লির মৃত‌্যু হয়েছে। গতকাল আড়াইটার দিকে ইউনুছ মিয়া নামের ওই মুসল্লি অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের বাসিন্দা।

ইউনুছ মিয়ার সঙ্গে থাকা মুস‌ল্লি মজিবুর রহমান জানান, গতকাল সকালে ব্রাহ্মণবা‌ড়িয়া থেকে ২৩ জন মুস‌ল্লি নিয়ে ইজতেমার উদ্দেশে রওনা হন। মীরেরবাজার পার হয়ে টঙ্গীর কাছাকা‌ছি আসার পর ইউনুছ মিয়া দুবার ব‌মি করে বাসের সিট থেকে হেলে পড়েন। এ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গে কর্তব‌্যরত চিকিৎসক লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত‌্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা