× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতিতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র বদলের প্রতিবাদে বিক্ষোভ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম

রামগতিতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র বদলের প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুটি ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র বদলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার আ.স.ম আবদুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

জানা যায়, নিয়মানুযায়ী উপজেলার আলেকজান্ডার আ.স.ম আবদুর রব সরকারি কলেজ এবং রামগতি আহমদীয়া ডিগ্রি কলেজের স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীরা রামগতি পৌর শহরে অবস্থিত আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডিগ্রি তিনটি বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অনুষ্ঠিত হতো। 

গত মঙ্গলবার এ কেন্দ্রটি স্থানান্তর করে লক্ষ্মীপুর সরকারী কলেজ কেন্দ্রে নেওয়ার চিঠি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চিঠি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী এবং সচেতন মহল ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রামগতি উপজেলা সদর আলেকজান্ডার থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্মীপুর সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করাটা ঠিক হয়নি। রামগতি আহমদীয়া ডিগ্রি কলেজ থেকে জেলা শহরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এতো দূরে গিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া কষ্টকর। যাতায়াতসহ অন্যান্য সমস্যার বিষয় তো রয়েছেই। শিক্ষার্থীরা আরও বলেন, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা নিয়ে কোনও ধরনের অনিয়ম বা অভিযোগ ছিল না। একযুগ ধরে এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হঠাৎ করে কেন্দ্রটি এতো দূরে স্থানান্তর করার কোনও যৌক্তিকতা নেই।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিবেন তারা। জেলার অন্য তিনটি উপজেলার পরীক্ষাকেন্দ্র পরিবর্তন না করা হলেও তাদের কেন্দ্রটি হঠাৎ করে কেন স্থানান্তর করা হল তা জানতে চান শিক্ষার্থীরা। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতাও চান তারা।

আলেকজান্ডার আ.স.ম আবদুর রব সরকারী কলেজের পরীক্ষার্থী শারমিন আক্তার জানান, হঠাৎ করে পরীক্ষাকেন্দ্রটি স্থানান্তর করায় আমাদের বিপাকে পড়তে হবে। ছাত্রীদের তো অবস্থা আরো খারাপ হবে। এখানে পরীক্ষা হলে সকাল বেলা কয়েক ঘন্টা পড়ার সময় পেতাম, এখন সেটাও হবে না। এছাড়াও দীর্ঘ ভ্রমণজনিত কষ্ট তো রয়েছেই। আমরা চাই পূর্বকেন্দ্রটি বহাল থাকুক।

অভিভাবক শরীফ উদ্দীন নবাব জানান, বোনকে নিয়ে চিন্তায় আছি। এতো দূরে কীভাবে কোথায় থেকে পরীক্ষা দেবে এটাই এখন চিন্তা। কেন্দ্রটি রামগতিতে থাকুক এটা চাই আমরা।

আ.স.ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিন জানান, ইতোমধ্যে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি আমরা অবগত হয়েছি। পরীক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে আমরাও চাই কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রটি পুনর্বহাল করবে। বিষয়টি পূনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা